Saturday, May 7, 2016

নিজের হাতে ভক্তদের ১০ চিঠি মেসির

লিওনেল মেসি চিঠি লিখছেন৷ কি-বোর্ডে টাইপ করে নয়, নিজে হাতে৷ প্রথমটা লিখেছেন, এ রকম আরও ৯টি লিখবেন৷ মোট ১০টি চিঠি পাবেন তাঁর ভক্তরা৷ পাঁচ মহাদেশের বিভিন্ন জাতির উদ্দেশে নিজের সম্পর্কে কিছু লিখবেন৷ পুরোটাই প্রেরণা জোগানোর জন্য৷ গাটোরেড সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েই এ রকম চিঠি লিখছেন৷ কোন জাতির জন্য প্রথম চিঠিটি লিখেছেন সেটা জানা যাবে আগামী সপ্তাহে৷কী লেখা থাকছে চিঠিতে? জানা গিয়েছে প্রথম চিঠির বয়ান৷ বক্তব্য এ রকম-- 'আমি অনেক রকম কথা বলার লোক নই৷ আমি মনে করি, ফুটবলে বা জীবনে কথা বলার থেকে কাজের গুরুত্ব অনেক বেশি৷ তাই আমি চাই আপনারা আমার জন্য একটা কাজ করুন৷ আপনারা শুধু মনে রাখুন, জীবনের সেই সব কঠিন ব্যাপারগুলো, যেগুলো সহজ বা ভালো মনে হয় না, সেগুলো আপনাকে থামিয়ে রাখতে পারবে না৷ অনেক সময়ই আমাদের এই যুদ্ধগুলো ভয়ঙ্কর মনে হয়৷ কিন্ত্ত আপনারা সে সবকে পিছনে ফেলে বড় হতে পারেন৷ লড়াই করুন৷ সহ্য করুন৷ কখনওই হেরে যাবেন না৷' মেসি আরও যোগ করেছেন, 'আমার অনুপ্রেরণা হয়ে থাকার জন্য এবং নিজেকে শক্তিশালী মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ৷ মনে রাখবেন, জীবন অনেক কিছু আপনাকে দেবে, যদি আপনি সোজা থাকেন৷'মেসি যতই ভক্তদের প্রেরণা দিতে কলম ধরুন, বন্ধুর ডাকে অবশ্য সান্তিয়াগো বের্নাবৌতে যাননি৷ সের্খিও আগুয়েরো মেসিকে ম্যাঞ্চেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ ম্যাচ দেখতে আমন্ত্রণ জানিয়ে ছিলেন৷ মেসি শুধু বের্নাবৌতে যাননি তা-ই নয়, বাড়িতে বসে টিভিতেও নাকি খেলাটা দেখেননি৷ ঘনিষ্ঠদের বলেছেন, রিয়াল জিতে যাবে জেনেই ম্যাচটা দেখেননি৷ কারণ, চিরশত্রুদের জয় দেখতে নিশ্চয়ই তাঁর ভালো লাগত না৷ বদলে মেসি সময় কাটান পরিবারের সঙ্গে৷ পরে শুধু এক-দু'জনকে জিজ্ঞাসা করেছিলেন, ম্যাচে কী হয়েছে৷মেসি যেমন রিয়ালের জয় দেখতে চাননি, তেমনই বার্সেলোনার পুরো শহরের ইচ্ছেও সে রকম৷ যা প্রকাশ পেয়েছে শহরের বিভিন্ন খবরের কাগজে৷ বার্সেলোনার 'স্পোর্ট' যেমন৷ তারা প্রচ্ছদে রিয়ালের ম্যাচ জেতার পর উত্‍সবের কোনও ছবিই ছাপেনি৷ ফাইনালে অন্তত এক দিনের জন্য তারা সমর্থন করছে আতলেতিকো মাদ্রিদকেই৷ কাগজের ডেপুটি ডিরেক্টর লুইস মাস্কারো এক সম্পাদকীয়তে লিখেছেন, 'আমরা ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে ছিলাম, তারা হতাশ করেছে৷ পেপ গুয়ার্দিওলার বায়ার্নের সঙ্গে ছিলাম৷ তারাও হতাশ করেছে৷ এখন আর আমাদের কোনও উপায় নেই, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আতলেতিকো মাদ্রিদকেই সমর্থন করতে হবে৷'

No comments:

Post a Comment

Comments