Saturday, May 14, 2016

মুস্তাফিজ খুবই ভালো বোলিং করছে -সাকিব

বাংলাদেশ থেকে আইপিএলে খেলছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এজন্যই আইপিএল নিয়ে এত আগ্রহ আছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। আর তাই নজর থাকে তাদের ব্যক্তিগত পারফরমেন্সের দিকেও। চলতি আসরে সাকিবের চেয়ে মুস্তাফিজই বেশি ভালো করছে। আলো ছড়িয়েছেন প্রায় প্রত্যেকটি ম্যাচেই। বাংলাদেশের এই কাটার মাস্টার ছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের নিয়মিত একাদশে। গোটা ক্রিকেট দুনিয়ায় মুস্তাফিজকে নিয়ে এখন চলছে জল্পনা-কল্পনা। কাটার মাস্টারকে নিয়ে কথা বলছেন সাকিব আল হাসানও। মুস্তাফিজকে নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বলেন, ‘আমাদের দলে খেলা বা খেলোয়াড় নিয়ে তেমন কথা হয় না আমাদের মধ্যে। এ নিয়ে মিডিয়া আর দর্শকরাই বেশি আগ্রহী। তবে মুস্তাফিজের প্রশংসা সবাই করছে। খুবই ভালো বল করছে মুস্তাফিজ।’ একটা কথা বেশ জোরেশোরেই চারদিকে শোনা যাচ্ছে, মুস্তাফিজের কাউন্টি মওসুম ত্যাগ করা ভালো, এমনকি বিবিএলও। কারণ সব লিগে খেলতে গেলে মুস্তাফিজের শরীরের ওপর দিয়ে বড়সড় ধকল যাবে, যা তাকে ঠেলে দিতে পারে মারাত্মক ইনজুরিতে। মুস্তাফিজের সাসেক্সে যাওয়ার ব্যাপারটা নিয়ে সাকিব বলেন, ‘দেখুন, মুস্তাফিজ তো আর ওখানে চারদিনের ম্যাচ খেলবে না। তবে এটা ওর জীবন, ও-ই ভালো বুঝবে কী করতে হবে। এগুলো যার যার শরীর ও মনের ওপর নির্ভর করে। আমি পরামর্শ দেয়ার কেউ নই। তবে আমার বেলায় আমিই সিদ্ধান্ত নিয়েছি, কী করবো। এখানেও একমাত্র মুস্তাফিজই জানে, ও কী পারবে আর কী পারবে না। ওর সিদ্ধান্ত ওকেই নিতে হবে।’ বেশ কিছুদিন ধরেই ফর্মহীনতায় ভুগছিলেন সাকিব আল হাসান। এর জন্য চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত একাদশে ছিলেন আসা-যাওয়ার মিছিলেই। ফর্ম ফিরে পেতে কঠোর পরিশ্রম করেছেন তিনি। ফর্ম ফিরে পেতে ‘গুরু’ মোহাম্মদ সালাহউদ্দিনের কাছে টিপস নেয়ার জন্য ঢাকায়ও এসেছেন সাকিব। গুরুর দীক্ষা কাজে লেগেছে। অবশেষে ব্যাটে রান আসল সাকিবের। গুজরাট লায়ন্সের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ৪৯ বলে চারটি করে চার ও ছক্কায় ৬৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। সাকিব বলেন, ‘রান করলে তো সবারই আত্মবিশ্বাস বাড়ে। তবে আত্মবিশ্বাসে আমার কখনোই সমস্যা ছিল না। আসলে অনেক সময় আত্মবিশ্বাস থাকলেও কিছু জিনিস ঠিকঠাক মতো হয় না। সেগুলো ঠিক করতে কঠোর পরিশ্রম করতে হয়। আবার অনেক সময় আত্মবিশ্বাস বাড়াতেও কাজ করতে হয়। সবই পরিস্থিতির ওপর নির্ভর করে।’ নিজ দল নিয়ে সাকিব বলেন,‘ আগের বছরগুলোতে প্রতি ম্যাচেই উইকেট পেয়েছি। এবার তা পাচ্ছি না। ব্যাটিংয়ে তো অবশ্যই খুশি নই। তিনটি ম্যাচে সুযোগ পেয়েছিলাম। সুযোগ পেয়েও ভালো করতে না পারলে তো সেটা সমস্যাই। ভালো না খেললে কারোরই ভালো লাগে না। আর আমার জন্য এখানে প্রতিযোগিতাটা অনেক বেশি। তাই পারফর্ম করার চাপ তো থাকেই।’

No comments:

Post a Comment

Comments